হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার পুটিজুরি ইউনিয়ন-এর দিগম্বর বাজার এলাকার পাইকারি আড়ত, কাঁচাবাজার ও মুদির দোকানগুলোতে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে।
এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। আইন অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্রতা রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বাহুবল সদরের বাজারে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান চলাকালে অতিরিক্ত মূল্য আদায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।