গণকন্ঠ প্রতিবেদক

মোঃ তৌহিদুর রহমান তুহিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

সাদুল্লাপুরে ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল খাদ্য ধ্বংসসহ ৭ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভেজাল খাদ্যসামগ্রী ধ্বংস ও বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মূল্য তালিকা না রাখা এবং ভেজাল খাদ্য সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।


অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, খাদ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করা একটি দণ্ডনীয় অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ক্রেতাদের পণ্য কেনার আগে মেয়াদ, মূল্য তালিকা ও মান যাচাই করার আহ্বান জানান।


এ সময় বাজারে উপস্থিত সাধারণ ক্রেতারা ভোক্তা অধিকারের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে বাজারে ভেজাল ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।


স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভোক্তা অধিকারের এ ধরনের তদারকি কার্যক্রম বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।