মোঃ নুরুন্নবী, শাহজানপুর প্রতিনিধি।
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা পূর্ব পাড়ায় অবস্থিত “নিউ মাইশা স্পেশাল সেমাই” কারখানায় অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে কারখানার ভেতরে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনকালে দেখা যায়—
শ্রমিকরা পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করছেন;
অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন চলছে;
বাংলাদেশ মান নিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই)-এর মানসনদ ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছে।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করেন। একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত সেমাই ও কাঁচামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।