সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
সালথা উপজেলা’য় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং জনভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার তদন্ত ওসি কে এম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি সচিবরা।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
এদিকে সভায় অনানুষ্ঠানিক আলোচনায় উঠে আসে চাঁদাবাজির অভিযোগ। উপজেলার বিভিন্ন ভ্যানস্ট্যান্ড থেকে এখনো নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, “প্রতিদিনই আমাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাধারণ চালকরা আরও বিপাকে পড়বে।” তিনি অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সচেতন মহলের মতে, আইন-শৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে যেমন মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে, তেমনি ভ্যানস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের চাঁদাবাজি বন্ধেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।