রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হচ্ছে রমজানের মধ্যে। ক্ষমতায় এসেই পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে এই সেবা মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রচেষ্টা চালান তিনি। যার ফলস্বরূপ শপথ গ্রহণের এক মাসের মধ্যেই এই কার্ড পরীক্ষামূলক ভাবে যাচ্ছে দেশের মাত্র কয়েকটি উপজেলায়। তার মধ্যে পড়েছে বাঞ্ছারামপুরও।
বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিষয়টি বিএনপির কেন্দ্র থেকেও নিশ্চিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এটি একমাত্র উপজেলা, যা ফ্যামিলি কার্ডের আওতায় আসতে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগ থেকে শুধু মাত্র পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড পাবে এই ফ্যামিলি কার্ড।
বাঞ্ছারামপুরকে অগ্রাধিকার দেয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন উপজেলাবাসী। দেশের মধ্যে অন্যতম গুরুত্ববহ একটি উপজেলা হিসেবে এরই মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাঞ্ছারামপুর, এমনটিই মনে করছেন এই উপজেলা বাসী।
জানা গেছে, বর্তমান সরকারের আমলে পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীরা প্রথম মাসের জন্য সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে নগদ ২ হাজার ৫শ টাকা সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি ওয়ার্ডের ৬ হাজার ৫০০ পরিবার কিউআর কোড সংবলিত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন।