গণকন্ঠ প্রতিবেদক

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৩:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

সীমানা প্রাচীরের বিরোধে বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলাম খুন: র‍্যাবের অভিযানে মূল ঘাতক গ্রেফতার

ছবি; গণকন্ঠ

সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধ থেকে প্রাণঘাতী হামলা—আর তাতেই ঝরে গেল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১)-এর প্রাণ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। একই মামলায় পৃথক অভিযানে আরও এক আসামিকেও আটক করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া মৌজার মাহবুবনগর শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন নিজ ক্রয়কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন সাইফুল ইসলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করতে বলেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অতর্কিত হামলা চালানো হয়।


অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলামের তলপেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একইদিন রাত আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়।


ঘটনার পর ভিকটিমের স্বজন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে দ্রুত তৎপর হয় র‍্যাব-১২। গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধুনট উপজেলার মোহনপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহনপুর গ্রামে তার পৈতৃক বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।


পরবর্তীতে পৃথক অভিযানে মামলার আরও এক আসামিকেও আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।