মোঃ আবু রায়হান, পটুয়াখালী প্রতিনিধি।
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
পবিত্র রমজান মাসে গভীর রাতে হাসপাতালে ভর্তি রক্তরোগী ও তাদের স্বজনদের জন্য সেহরির আয়োজন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুমি। তিনি নিজ উদ্যোগে পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অবস্থানরত রোগী ও স্বজনদের জন্য এই সেহরির ব্যবস্থা করেন।
জানা গেছে, পুরো রমজান মাস জুড়েই এভাবে সেহরির আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পটুয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকের কাছে পর্যাপ্ত টাকা-পয়সা থাকলেও গভীর রাতে সেহরি খাওয়ার মতো কোনো হোটেল বা রেস্তোরাঁ খোলা থাকে না। ফলে তারা সঠিক সময়ে সেহরি করতে পারেন না।
তাই এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমান রুমির এই উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এতে রোগী ও স্বজনরা নিয়মিত রোজা রাখার সুযোগ পাবেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—কারও কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা না নিয়ে সম্পূর্ণ নিজ খরচে পুরো রমজান মাসব্যাপী এই সেহরির আয়োজন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সহমর্মিতার অনন্য উদাহরণ হয়ে থাকবে।