গণকন্ঠ প্রতিবেদক

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

শেকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি নাইম ও সেক্রেটারি আতিক

ছবি সংগৃহীত

২০২৬ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান নাইম এবং সেক্রেটারি হিসেবে আতিকুর রহমান।

সংগঠন সূত্রে জানা যায়, শাখার সদস্যদের পরামর্শ, আলোচনা ও ভোটের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাবেশে শাখার সাধারণ সদস্যরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন এবং পরবর্তী সেশনের সাংগঠনিক রূপরেখা নিয়ে আলোচনা করেন।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। তিনি বক্তব্যে সংগঠনের আদর্শিক ভিত্তি মজবুত করার পাশাপাশি শিক্ষাবান্ধব, গবেষণামুখী ও সেবাধর্মী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।


নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান নাইম তার বক্তব্যে সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়ন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণই হবে তাদের অগ্রাধিকার।


সেক্রেটারি আতিকুর রহমান বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়মিত কর্মসূচির মাধ্যমে শাখাকে আরও সুসংগঠিত ও গতিশীল করা হবে।


সমাবেশে আগামী সেশনের সম্ভাব্য কর্মপরিকল্পনা, দাওয়াহ কার্যক্রম, শিক্ষা সহায়তা উদ্যোগ এবং সদস্য উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও আলোচনা করেন তারা। অনুষ্ঠান শেষে সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।