গণকন্ঠ প্রতিবেদক

মোঃ আলমগীর হোসেন শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ১২:৫২ এএম

অনলাইন সংস্করণ

#

শেরপুরে ভাঙারি দোকানে ৮ হাজার সরকারি মাদ্রাসা বই জব্দ

ছবি সংগৃহীত

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার সরকারি মাদ্রাসার নতুন বই জব্দ করা হয়েছে। দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভাঙারি দোকানটি সিলগালা করে দেওয়া হয়।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সরকারি বই অবৈধভাবে কেনাবেচা করা হতো ওই দোকানে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। এনএসআইয়ের তথ্যে রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে একটি ভ্যানগাড়ি ভর্তি ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার নতুন বই জব্দ করে। পরে দোকানের গোডাউনের ভেতর আরও বইয়ের সন্ধান পাওয়া যায়।


অভিযানের সময় পরিস্থিতি টের পেয়ে দোকানটির মালিক ও কর্মচারীরা পালিয়ে যান। তবে ভ্যানগাড়ি চালক তজি মিয়া বলেন, “আমি এই গোডাউনের ভ্যান চালাই। মালিক বইগুলো আনতে বলেছিলেন। বইগুলো সরকারি কি না, সে বিষয়ে আমি কিছু জানি না।”


স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ জানান, গত বছর বইয়ের সংকটের কারণে শিক্ষার্থীদের ৩ থেকে ৪টি করে বই দেওয়া হয়েছিল। অথচ নতুন বই গোপন রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোডাউন সিলগালা করে দিয়েছেন।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।