গণকন্ঠ প্রতিবেদক

ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

#

সরাইলে দুই সন্তানের জননীর দগ্ধ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সীমা রানী বিশ্বাস (২৭) নামে দুই সন্তানের এক জননীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রানী ওই এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জ জেলার মৃত রানু শীলের মেয়ে সীমা রানীর সঙ্গে সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের বিয়ে হয়। তাদের সংসারে সাত ও চার বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে।


বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এক নারী সীমা রানীর ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে লোকজন ঘরে প্রবেশ করে বাথরুমের ভেতর দগ্ধ অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে এমন দগ্ধ হওয়ার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। মরদেহের পাশ থেকে একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়েছে।


তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।