গণকন্ঠ প্রতিবেদক

সজিব উদ্দিন হেলাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

শ্রীমঙ্গলে খাল খননে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশ–এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, রাত আটটার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত গোলাবারুদ।


এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে—এমন আশঙ্কা স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তার স্বার্থে এলাকাটি তাৎক্ষণিকভাবে ঘিরে রাখা হয়।


পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি পরীক্ষা করে এটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করেন এবং পুলিশকে অবহিত করেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।


সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা করে রাত আটটার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।”