গণকন্ঠ প্রতিবেদক

রবিউল মোল্লা (ভেদরগঞ্জ) শরীয়তপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

শরীয়তপুরের সকল খাল সচল করা হবে: সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ

শরীয়তপুরের সকল খাল পর্যায়ক্রমে পুনরুদ্ধার ও পুনখননের মাধ্যমে সচল করা হবে বলে জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, জেলার পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নে খাল খাল খনন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শফিকুর রহমান কিরণ বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। আমরা পর্যায়ক্রমে সব খাল পুনরুদ্ধার করব। খালগুলো সচল হলে জলাবদ্ধতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং কৃষিজমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হবে।"


তিনি আরও বলেন, "সেচ ব্যবস্থা চালুর মাধ্যমে কৃষি পণ্য উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষকরা বেশি ফলন পাবেন, তাদের জীবনমান উন্নত হবে এবং জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”


এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদন, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজিজুল হক প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।