সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর)
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহত পান্নু মাতুব্বর (৬০) উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মনিরুদ্দিন মাতুব্বরের কনিষ্ঠ পুত্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। ফেরার পথে সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে প্রথমে তাঁকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে শনিবার তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, “ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, উপজেলার ব্যস্ত সড়কগুলোতে ইজিবাইক ও অটোভ্যানের বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।
এ দুর্ঘটনায় একজন পরিশ্রমী কৃষক-ব্যবসায়ীর প্রাণহানি সেই শঙ্কাকেই নতুন করে সামনে নিয়ে এলো।