গণকন্ঠ প্রতিবেদক

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সরকারি জমি দখলকে কেন্দ্র করে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে সরকারি জমি দখল ও লিজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি জমির লিজ ও দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এ বিরোধ চরম আকার ধারণ করে এবং কয়েকদিন ধরেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।


শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।


আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।


খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এ ঘটনার পর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যাতে আর অবনতির দিকে না যায়, সে জন্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।