খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধাক্কা, টানাহেঁচড়া ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির মো. হোসেনের উঠানে স্থাপিত সরকারি টিউবওয়েল থেকে অন্তঃসত্ত্বা আছমা বেগম (৩৫) পানি আনতে গেলে মো. হারুন (৪০) তাকে বাধা দেন। ভুক্তভোগীর দাবি, বাড়ির সবার প্রচেষ্টায় স্থাপিত ওই টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গেলে হারুন তাকে ধাক্কা ও টানাহেঁচড়া করে সরিয়ে দেন, পানির কলস ফেলে দেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এ সময় হারুনের স্ত্রী সুরমা বেগম দা নিয়ে আঘাত করতে উদ্যত হন। আতঙ্কে আছমা ঘরে আশ্রয় নিলে তাদের ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আছমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের ভাষ্য, আছমা বেগমের ঘরের চালের ওপর দিয়ে বিদ্যুতের মেইন লাইন যাওয়ায় একাধিকবার বিদ্যুতের ফুলকি পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি জানানো হলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইনটি কভার ও নতুন খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়। তবে অভিযুক্ত হারুন কয়েকবার কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। অবশেষে গত শুক্রবার খুঁটি স্থাপন ও কভার তার লাগানোর পরদিন সকালে পানি আনতে গেলে এই ঘটনার সূত্রপাত হয়।
এলাকাবাসীর আরও অভিযোগ, হারুন পূর্বে আওয়ামীলীগ কর্মী থাকাকালীন ও বর্তমানে ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সরকারি টিউবওয়েল ব্যবহারে বাধা সৃষ্টি করেন। ফলে অনেকেই কষ্ট করে অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে হারুনের রাজনৈতিক অবস্থান জানতে তার পুরনো একটি ফেসবুক একাউন্ট ঘুরে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলেও বর্তমানে তিনি বিএনপি'র রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানা যায়।
অভিযুক্তের স্ত্রী সুরমা বেগম বলেন, তাদের আপত্তি সত্ত্বেও বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়েছে। পরে আছমা তাদের জায়গায় পানি নিতে এলে তার স্বামী ক্ষিপ্ত হয়ে হাত ধরে টেনে ও কলস ফেলে দিয়ে আছমাকে চলে যেতে বলেন। পরবর্তীতে উল্টো তাদেরকেই গালাগাল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে তজুমদ্দিন থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।