গণকন্ঠ প্রতিবেদক

মোহাম্মদ সবুজ খান, ব্রাহ্মণবাড়িয়া (কসবা):

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কসবা তফাজ্জল আলি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে কসবা উপজেলা এনসিপি। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানে অনুষ্ঠিত আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সবুজ খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনসিপি সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব রয়েছে। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। দলটির প্রতীক শাপলা কলি। নির্বাচনে ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেশ কয়েকটি আসনে বিজয়ী হয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে দলটি।


অনুষ্ঠানে তানভীর ইসলাম শাহিন, ১নং যুগ্ম সমন্বয়কারীর সঞ্চালনায় এবং এম এ মামুন, জেলা যুগ্ম সমন্বয়কারীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করা হয়।


আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা শিবলী নোমানি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কসবা উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, যুবদল নেতা শহিদুল খাঁ, ছাত্রদল নেতা রাজু আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ছাহাব, হাছান মাহমুদসহ আরও অনেকে।


বক্তারা বলেন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। ইফতার মাহফিলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, বন্ধু ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।


এ সময় জুলাই বিপ্লব ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং গত এক বছরে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হয়।