মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বগুড়া সদর থানা পুলিশের অভিযানে ৩২ কেজি মাদক গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে বগুড়া সদর থানাধীন মাটিডালি মোড়ে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বগুড়া সদর থানার জিডি নং-২১৬১, তারিখ ২৭/০২/২০২৬ মূলে এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন অভিযানে ছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটে সাতমাথা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ (রেজি: ব-১৪-৯২২৫) বাসের E-1 ও E-2 আসনে বসা এক পুরুষ ও এক নারী যাত্রীর কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। বাসটি মাটিডালি ক্রস করবে এমন তথ্য পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসি, বগুড়া সদর থানাকে অবহিত করে মাটিডালি মোড়ে চেকপোস্ট বসানো হয়।
রাত ১২টা ২৫ মিনিটে সংশ্লিষ্ট বাসটি চেকপোস্টে থামানো হলে পুলিশ বাসে উঠে সন্দেহভাজন যাত্রী মোঃ শওকত আলী (৩৭), পিতা-মৃত তফসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১), উভয় সাং-মৈদম মহিদাম, ৬নং ওয়ার্ড, পাত্রডুবি ইউনিয়ন, থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামকে আটক করে।
তল্লাশিকালে শওকত আলীর দখলে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪টি বান্ডিলে মোট ২২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে নারী কনস্টেবল দ্বারা শালীনতার সাথে তল্লাশি চালিয়ে আবেদা বেগমের দখল থেকে আরও ৩টি বান্ডিলে ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এছাড়া শওকত আলীর কাছ থেকে একটি ভিভো V29e অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (দুটি আইএমইআই নম্বরসহ), একটি আইটেল বাটন মোবাইল, দুটি সিমকার্ড এবং নাবিল পরিবহনের একটি যাত্রী টিকিট জব্দ করা হয়। রাত ১২টা ৫৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণপূর্বক জব্দতালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা স্বামী-স্ত্রী যোগসাজশে বিভিন্ন এলাকায় গাঁজা পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ)/১৯(গ)/৪১ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম জানায়, বগুড়া সদর থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যাক্তিদের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।