প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়ন করছিল।
মাহিমের ভগ্নিপতি মো. রাফির ভাষ্য অনুযায়ী, রোববার রাতে কাজলা স্কুল গলিতে কয়েকজন কিশোর তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের কাছ থেকে মাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।