প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ছবি:গণকণ্ঠ
বকেয়া নাইট বিল এবং বার্ষিক ছুটির টাকার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রিপন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত এই কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত তিন মাসের বকেয়া নাইট বিল এবং বার্ষিক ছুটির পাওনা টাকার দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে তারা প্রথম দফায় কর্মবিরতি শুরু করেন। বিকেলে তারা ফিরে গেলেও আজ সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে পুনরায় আন্দোলন শুরু করেন।
আন্দোলন চলাকালে কারখানার স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। নাম প্রকাশে অনিচ্ছুক কাটিং সেকশনের এক অপারেটর ক্ষোভ প্রকাশ করে বলেন,
"প্রতিদিন রাত ১১টা-১২টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি দিলেও ঠিকমতো নাইট বিল দেওয়া হয় না। এমনকি রমজান মাসেও গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না।"
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, শ্রমিকদের তিন মাসের নাইট বিল বকেয়া আছে। আজ এক মাসের বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, শ্রমিকরা উত্তেজিত হয়ে স্টাফদের ওপর আক্রমণ করলে তারা কোনোমতে আত্মরক্ষা করে বেরিয়ে আসেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন) এর পরিদর্শক মোঃ মোর্শেদ জামান জানান, শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে।