প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে জেনে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ ঘটনার পরপরই তার উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গভর্নরের উপদেষ্টাকে অনেকটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যান গভর্নর আহসান এইচ মনসুর। এ খবর শুনতে পেয়ে বাংলাদেশ ব্যাংকের ভেতরে হট্টগোল শুরু করেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা। পরে তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়। অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতেও দেখা যায়।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।