প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি:সংগৃহীত
ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা থেকে সরে আসার কথা বলায় স্ত্রী ও স্কুলপড়ুয়া ছেলেকে ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মো. সাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. মাহমুদুল হাসান।
গ্রেপ্তার সাহিদ মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও মাদকাসক্ত। এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়ে কারাভোগ করেছেন। সম্প্রতি আবারও এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তার ছেলে আশিক শেখ চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। বাবার কর্মকাণ্ডে সামাজিকভাবে বিব্রত হয়ে সে বাবাকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সাহিদ তার স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিককে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। একপর্যায়ে ছেলের পড়াশোনার বই-খাতাও আগুনে পুড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর আশিক ও তার মা পাশের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে বাবার বিচার দাবি করে আশিক সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার রাত ১০টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, অভিযোগ পাওয়ার পর থেকেই সাহিদকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। স্ত্রী-সন্তান নির্যাতনের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও পারিবারিক সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।