অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫০ পিএম

অনলাইন সংস্করণ

#

অর্থনীতির সংকট কাটিয়ে উঠতে ‘কর’ বাড়াতে হবে : আমীর খসরু

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির বর্তমান সংকট কাটিয়ে উঠতে কর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরের পতেঙ্গা মেরিন ড্রাইভ–সংলগ্ন এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জমি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ‘অর্থনীতি এখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কর বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না।’

তিনি বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি বিএনপি সরকারের অন্যতম বড় কর্মসূচি। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।’

বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে, আগামী বাজেটে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হবে, এটি বাস্তবায়নে যা যা প্রয়োজন তা নিশ্চিত করা হবে।’

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা অবকাঠামো প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্দরনগরীর মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিট থাকবে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক একটি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে দক্ষ নার্স ও টেকনোলজিস্টের ঘাটতি রয়েছে। এ কারণে বড় পরিসরে অবকাঠামো গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। কয়েকটি স্থান আমরা দেখছি। মেরিন ড্রাইভের এই জায়গাটি সম্ভাবনাময়। তবে কিছু জায়গায় সমস্যা থাকতে পারে। সব দিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত এ হাসপাতাল চালু হলে নগরের মানুষ সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে দেওয়া নির্বাচনী অঙ্গীকারের কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমি ১১ দফা ইশতেহার দিয়েছি, যা ‘১১ তে ১১’ নামে পরিচিত। সেগুলোও বাস্তবায়ন করব, ইনশাল্লাহ”।