স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

এক বলের ভুলেই পাকিস্তানের বিশ্বকাপ বিদায়

ছবি সংগৃহীত

সেমিফাইনালের স্বপ্ন এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে পাকিস্তানের সামনে সমীকরণ এতটাই কঠিন যে সামান্য এদিক-সেদিক হলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে উঠতে হলে শুধু জয় নয়, জয়ের ধরন ও ব্যবধান—সবকিছুই হতে হবে হিসাবমাফিক।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৪ উইকেটের জয় পাকিস্তানের জন্য ক্ষীণ হলেও একটি গাণিতিক সুযোগ তৈরি করেছে। হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড টানা জয় পেয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ।


সুপার এইটের গ্রুপ-২ এ ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তিন ম্যাচে ৩ পয়েন্ট ও +১.৩৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১। এই ব্যবধানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে শুধু জিতলেই চলবে না, নিউজিল্যান্ডের নেট রান রেটকেও ছাড়িয়ে যেতে হবে। সেমিফাইনালে উঠতে বাবর আজমদের সামনে দুটি সম্ভাব্য পথ খোলা।


প্রথমে ব্যাট করলে অন্তত ৬৩ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। উদাহরণ হিসেবে, যদি পাকিস্তান ১৫০ রান তোলে, তাহলে শ্রীলঙ্কাকে ৮৭ রানের মধ্যে আটকে রাখতে হবে। স্কোর যত বেশি হবে, ব্যবধানও তত বাড়াতে হবে।


আর যদি পরে ব্যাট করতে হয়, তবে সমীকরণ আরও কঠিন। শ্রীলঙ্কা যে লক্ষ্যই দিক না কেন, সেটি পেরোতে হবে মাত্র ১২.৪ ওভারের মধ্যে। এক বল বেশি খেললেই নেট রান রেটের হিসাবে পিছিয়ে পড়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেতে পারে।


পালেকেল্লের ধীরগতির উইকেটে বড় রান তোলা বা দ্রুত রান তাড়া—দুটোই চ্যালেঞ্জিং। স্পিনাররা এখানে বড় ভূমিকা রাখতে পারেন। সম্প্রতি এই মাঠেই শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে অলআউট হয়েছিল। পাকিস্তানও ইংল্যান্ডের বিপক্ষে ১৬৪ রান তুলেও জয় পায়নি।


তবে টানা তিন ম্যাচে হারায় শ্রীলঙ্কা মানসিক চাপে রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় পূর্ণ ২০ ওভারের ম্যাচ হওয়ারই সম্ভাবনা বেশি। ফলে মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে ভাগ্য। হিসাব মেলাতে পারলেই সেমিফাইনাল, নইলে কিউইদেরই শেষ চার নিশ্চিত।