প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
আমদানিকৃত গম ও ভুট্টা বোঝাই লাইটার জাহাজ নির্ধারিত সময়সীমার মধ্যে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় মন্ত্রী লক্ষ্য করেন, বেশ কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্যসহ নদীতে অবস্থান করছে। প্রচলিত নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে বাজারে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অযৌক্তিকভাবে খাদ্যপণ্য জাহাজে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা বাড়তি মুনাফা অর্জনের কোনো চেষ্টা সহ্য করা হবে না। এমন অনিয়ম বাজার ব্যবস্থাপনা ও ভোক্তাদের স্বার্থের জন্য ক্ষতিকর—উল্লেখ করে তিনি বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত বিশেষ টাস্কফোর্স নিয়মিত নদীপথে নজরদারি ও অভিযান পরিচালনা করছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে মন্ত্রী আমদানিকারক, পরিবহনকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিধি-বিধান মেনে দ্রুত খাদ্যপণ্য খালাস ও সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করেন। তিনি সতর্ক করে বলেন, সরবরাহ ব্যবস্থায় ইচ্ছাকৃত বিলম্ব দেশের বাজার পরিস্থিতিকে অস্থির করে তুলতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।