মোহাম্মদ সবুজ খান - ব্রাহ্মণবাড়িয়া কসবা
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রহিম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কসবা পার্শ্ববর্তী রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার বাসিন্দা এবং আবুল হাসেম মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মন্দবাগ এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান রহিম মিয়া। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।