গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

পাকিস্তান হাইকমিশনে মামুনুল হকের বৈঠক

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মামুনুল হক ও প্রতিনিধিদল

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার পাকিস্তান হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং ইসলামী মূল্যবোধভিত্তিক পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্পখাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের। এই ঐতিহ্যগত বন্ধনকে এখন আরও কাঠামোবদ্ধ সহযোগিতায় রূপ দেওয়ার উপযুক্ত সময় এসেছে। তিনি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে আলোচনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হন।


এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। পাকিস্তান হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফও বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে।